২৫তম রাজ্যভিত্তিক সংগ্রংমা পূজা

২৫তম রাজ্যভিত্তিক সংগ্রংমা পূজা

 

 

 

শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনু দলশিং পাড়ায় ব্রু রিয়াং জনজাতির ঐতিহ্যবাহী কলদেবী পূজা ও ২৫তম রাজ্যভিত্তিক সংগ্রংমা পূজা ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন সরকারি দপ্তরের প্রদর্শনী পরিদর্শন করেন রাজ্যপাল। এরপর তিনি কলদেবী সংগ্রংমা মন্দিরে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি খবা রিয়াং, আমেনজয় রিয়াং, ব্রু সংগ্রংমা সংগঠনের সভাপতি বীরেন্দ্র রিয়াং, ব্রু সংগ্রংমা পূজা কমিটির সভাপতি পরেন্দ্র রিয়াংসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ব্রু সংগ্রংমা সংগঠনের প্রতি আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন। তিনি নিজের তহবিল থেকে সংগঠনকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান।এদিন রাজ্যপাল তাঁর বক্তব্যে শিক্ষা, যুবসমাজ ও মাদকমুক্ত সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পরীক্ষা ও ভালো নম্বর পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিক্ষা নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।রাজ্যপাল আরও বলেন, দেশের শক্তি ও ভবিষ্যৎ যুবসমাজের ওপর নির্ভরশীল। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত অর্থনীতি ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনের ওপরও জোর দেন তিনি। শুধু নিজেরা মাদক থেকে দূরে থাকলেই হবে না, বন্ধু ও সহপাঠীদেরও মাদক থেকে দূরে থাকার জন্য উৎসাহিত করতে যুবসমাজের প্রতি আহ্বান জানান রাজ্যপাল। তাঁর বক্তব্যে ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।ঐতিহ্যবাহী কলদেবী পূজা ও সংগ্রংমা পূজাকে কেন্দ্র করে এদিন মনু দলশিং পাড়ায় উৎসবের আবহ তৈরি হয়। ব্রু রিয়াং জনজাতির সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতির সঙ্গে যুক্ত এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সম্পরকিত খবর