- Editor
- 08:43 11/Aug/2026
- 2 মিনিট সময় লাগবে পড়তে
নানা অনুষ্ঠানের মাধ্যমে আগরতলায়
দেশের ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হবে
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা রাজ্যে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হবে। আগরতলায় ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসাম রাইফেলস ময়দানে। সেখানে সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা।
আগরতলায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ১৪ আগস্ট সারাদিনব্যাপী আসাম রাইফেলস ময়দান, গান্ধীঘাট, মূর্তি প্রাঙ্গণ, শহীদ মিনার, বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি সহ আগরতলা শহর পরিচ্ছন্ন করা হবে। এদিন সকাল ৬টায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে ওপেন ক্রস কান্ট্রি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য ৩ কিলোমিটার এবং পুরুষদের জন্য ৫ কিলোমিটার ক্রস কান্ট্রি প্রতিযোগিতা হবে।
আগরতলায় ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে অনুষ্ঠান শুরু হবে ভোর ৫টায় প্রভাতফেরির মাধ্যমে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগরতলা শহরের বিভিন্ন রাজপথে প্রভাতফেরি করবে। সূর্যোদয়ের পর বেসরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সকাল ৭টায় বিভিন্ন সরকারি কার্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৮টায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু সার্কিট হাউজ সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মাগান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এর পর সকাল ৮টা ১৫ মিনিটে রাজ্যপাল গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে মাল্যদান করে মহাত্মাগান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর পর রাজ্যপাল ৮টা ৩৫ মিনিটে লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই অনুষ্ঠানেও কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত থাকবেন। আসাম রাইফেলস ময়দানে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে সকাল ৯টা ১০ মিনিটে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। এর পর মুখ্যমন্ত্রী সেলামী প্যারেড পরিদর্শন করবেন এবং বিভিন্ন পুরস্কার ও পদক প্রদান করবেন। ৯টা ৫০ মিনিটে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সকাল সাড়ে ১০টায় আসাম রাইফেলস ময়দানে পিটি প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবস পালন কর্মসূচির অঙ্গ হিসেবে ১৫ আগস্ট বিকাল ৫টায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জি টাউনহলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। সন্ধ্যা ৬টায় লোক ভবনে আয়োজন করা হয়েছে ঘরোয়া অনুষ্ঠানের।
