মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন

ত্রিপুরার গর্ব, আধুনিক ত্রিপুরার স্থপতি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন উদযাপন উপলক্ষে গোয়ালগাঁও হাইস্কুলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহারাজা বীর বিক্রমের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে সেদিন ছিল এক ভিন্নতর আবহ।অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীতের মাধ্যমে, এরপর মহারাজার প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রধান শিক্ষিকা শ্রীমতী জয়ন্তী মজুমদার মহারাজার জীবনী ও তাঁর অবদান নিয়ে একটি প্রাঞ্জল বক্তৃতা দেন, তাছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এস এম সি কমিটির সভাপতি হরে কৃষ্ণ গোস্বামী যেখানে তিনি তাঁর শিক্ষা, প্রশাসন এবং আধুনিক ত্রিপুরা গঠনে অবদানের কথা তুলে ধরেন।অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ছাত্রছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক পর্ব, যেখানে গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে মহারাজার জীবন ও কাজকে তুলে ধরা হয়। বিশেষ করে ষষ্ঠ শ্রেণির ছাত্রদের পরিবেশিত "ত্রিপুরার রত্ন" শীর্ষক নাট্যাংশ দর্শকদের মুগ্ধ করে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিও অনুষ্ঠানে এক বিশেষ মাত্রা যোগ করে। বক্তারা মহারাজার প্রগতিশীল মনোভাব, শিক্ষানুরাগ এবং দূরদর্শী চিন্তাধারার প্রশংসা করেন।সার্বিকভাবে, গোয়ালগাঁও হাইস্কুলের এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের ঐতিহাসিক চেতনা বিকাশে সহায়কই নয়, বরং মহারাজার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম যেন উন্নত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে—সে প্রত্যাশাও ব্যক্ত করেন সকলে।

সম্পরকিত খবর